ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফটস্কিল প্রশিক্ষণ (ব্যবসা উন্নয়ন ও পরিচালনা)’ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) আওতায় কসবা উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কর্মকর্তা আঃ কাইয়ুম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, কসবা পৌর বিএনপির সিনিয়র সভাপতি বশির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সানেক সভাপতি আশরাফ আলী, সাবেক কাউন্সিলর লুৎফুন্নাহার রিনা এবং প্রশিক্ষণার্থী ঝুলন ঋষি ও মিন্টু ঋষি দাস।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার ৩০ জন নারী-পুরুষদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১০ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসা পরিচালনা, ব্যবসার উন্নয়ন, পরিকল্পনা ও প্রয়োজনীয় সফটস্কিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া ব্যবসা সম্প্রসারণের জন্য প্রত্যেককে ১৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। প্রশিক্ষণ পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। ব্যবসা পরিচালনা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে নগদ ১হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতাও প্রদান করা হয়।