কাশফুলের রাজ্যে শরতের আমন্ত্রণ, নবাবগঞ্জের করতোয়া চরে প্রকৃতির টানে মানুষের ঢল

 

শরৎ এলেই বদলে যায় প্রকৃতির চেহারা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মৃদু বাতাস আর মাঠজুড়ে দোল খাওয়া কাশফুল জানান দেয় শরতের আগমনী বার্তা। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জাতের ঘাট এলাকার করতোয়া নদীর চরও যেন সেজেছে সেই শুভ্র সৌন্দর্যে।

করতোয়া নদীর বিস্তীর্ণ চরজুড়ে ফুটে থাকা সারি সারি সাদা কাশফুল প্রকৃতিপ্রেমী ও সৌন্দর্য পিপাসু মানুষের নজর কাড়ছে। শরতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলেই এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।

সরেজমিনে দেখা যায়, করতোয়া নদীর বালুচর জুড়ে বাতাসের দোলায় দুলছে কাশফুলের সারি। বিকেলের নরম রোদে সাদা কাশবনে ছড়িয়ে পড়ছে সোনালি আভা। নদীর নির্মল পরিবেশ, নীল আকাশ আর কাশফুলের শুভ্রতা মিলিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য।

কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। আবার অনেকেই মুঠোফোনের ক্যামেরায় কাশফুলের ছবি ও ভিডিও ধারণ করছেন।
শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিকেলের সময়টাতে মুখর হয়ে উঠছে করতোয়ার চর।

স্থানীয়রা জানান, প্রতিবছর শরৎ মৌসুমে করতোয়া নদীর চরাঞ্চলে কাশফুল ফুটলেও এবার দর্শনার্থীদের আনাগোনা তুলনামূলক বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখানকার কাশবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দূর-দূরান্ত থেকেও অনেকেই ছুটে আসছেন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে।

ঘুরতে আসা দর্শনার্থী আব্দুল আলিম বলেন , “পরিবার নিয়ে বিকেলে এখানে ঘুরতে এসেছি। নদীর পাড়ের পরিবেশ খুবই শান্ত ও সুন্দর। কাশফুলের দৃশ্য দেখে মনটা ভালো হয়ে যায়।”

আরেক দর্শনার্থী হাবিবা সুলতানা হুরুন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এখানকার কাশবনের ছবি দেখেছিলাম। ছবিতে দেখে ভালো লেগেছিল। তাই পরিবার নিয়ে সরাসরি দেখতে এসেছি। বাস্তবে জায়গাটি আরও সুন্দর।”

তবে দর্শনার্থীদের আনাগোনা বাড়লেও চরাঞ্চলে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। যাতায়াত ব্যবস্থা, বসার জায়গা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের মতে, করতোয়া নদীর চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের পাশাপাশি যাতায়াত ব্যবস্থা উন্নত, বসার স্থান ও নিরাপত্তার ব্যবস্থা করা গেলে জাতের ঘাট এলাকা নবাবগঞ্জের অন্যতম আকর্ষণীয় বিনোদন ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
প্রকৃতির নিজস্ব আয়োজনে শরতের সাদা কাশফুলে সেজে ওঠা জাতের ঘাটের করতোয়া চর এখন যেন এক টুকরো সৌন্দর্যের রাজ্য। আর সেই সৌন্দর্যের টানেই প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top