নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

মার্কিন বাহিনী যদি বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহায়তা অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা দেশটির সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসি তাদের নিজস্ব ওয়েবসাইট ‘সিপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘এই ধারা বজায় থাকলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়বে। আমরা তাদের সতর্ক করছি।’

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে যুদ্ধের জেরে এই জলপথ কার্যত বন্ধ হয়ে যায়। যদিও মার্কিন সামরিক বাহিনী কৌশলে কিছু তেলবাহী জাহাজকে হরমুজ পারাপারে সহায়তা করছে।

অন্যদিকে অনুমতি ছাড়া যেসব জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে ইরান। ইরানি বাহিনী আজ দিনের শুরুর দিকে জানায়, বুধবার (২১ অক্টোবর) রাতে বিনা অনুমতিতে পারস্য উপসাগরীয় অঞ্চল অতিক্রমের চেষ্টার সময় ওই এলাকায় চারটি জাহাজে আঘাত হানা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে অচলাবস্থা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ববাজারে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যারেলপ্রতি তেলের দাম ৩ শতাংশ বেড়ে ১১২ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন

এআর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top