নাজিরপুরে ট্রলারডুবি: শিশু নিহত, নিখোঁজ মা ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর 
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে পারাপারের সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে শিশুটির মা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।
জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালীগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে এক শিশুর মৃত্যু হয় এবং তার মা নিখোঁজ হন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উদ্ধার অভিযানের সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাজিরপুর থানা পুলিশের সদস্যরা।
নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top