সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন স্থানীয় এক মসজিদের ইমাম। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মহড়া জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেনকে (আবু তাহের মুন্সীর ছেলে, গ্রাম-গোয়ালজানি) ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে তাকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয়।
এদিকে দেলোয়ার হোসেন নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী দাবি করলেও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে উপজেলা জামায়াত। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী বলেন, “দেলোয়ার হোসেন আমাদের সংগঠনের কেউ নন। আমি তাকে চিনি না।”
একই কথা জানান উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন। তিনি বলেন, “যে পদের কথা দেলোয়ার দাবি করছে, জামায়াতে ইসলামীতে তেমন কোনো পদ নেই।”
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হাসান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।