খুলনার কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে চারটি পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাকসা গ্রামের দলিল গাজীর ছেলে আনারুল গাজী, একই গ্রামের কওসার সানার ছেলে হযরত আলী, আমাদী গ্রামের কামরুল গাজীর ছেলে মাসুম গাজী এবং জায়গীরমহল গ্রামের মোঃ ওহাব আলী মোল্যার ছেলে মোঃ নাজমুল মোল্যা।
কয়রা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সিআর মামলা নং ৩৫২/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি আনারুল গাজী, হযরত আলী ও মাসুম গাজীকে আটক করা হয়। একই অভিযানে সিআর মামলা নং ১২১/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ নাজমুল মোল্যাকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পূর্বেই মামলা ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।