ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৮৫ জন গরিব, অসহায় ও দুস্থ ভিজিএফ কার্ডধারীর মাঝে ৩০ দশমিক ৮৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৯ মার্চ) কসবা পৌরসভা চত্বরে এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কসবা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পালসহ, উপকারভোগী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কসবা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮৫ জন ভিজিএফ কার্ডধারীর প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্বোধনের দিন পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট ৭১৬ জন উপকারভোগীর মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। আগামী ১০ ও ১১ মার্চ বাকি ৬টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝেও পর্যায়ক্রমে এ খাদ্যশস্য বিতরণ করা হবে।
উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদকে সামনে রেখে এই সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হবে।