পিরোজপুরের নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে কালীগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তার মা।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
নিহত শিশু অদ্রিতা ব্যাপারী (৮) উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর ব্যাপারীর মেয়ে। নিখোঁজ রয়েছেন তার মা রিনা ব্যাপারী (৪৫)। দুর্ঘটনার পর অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে অদ্রিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পাঁচটি মোটরসাইকেলও নদীতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে অষ্টমীর পূজা দেখে শ্রীরামকাঠী থেকে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। ফেরিঘাট এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শংকর ব্যাপারীর স্ত্রী ও মেয়ে নিখোঁজ হন।
নিহত শিশুর বাবা শংকর ব্যাপারী জানান, পরিবারের সদস্যদের নিয়ে অষ্টমীর পূজা দেখতে শ্রীরামকাঠী গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় তিনি স্ত্রী ও মেয়েকে ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু মেয়ে সাঁতার না জানায় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে স্ত্রীও নদীতে তলিয়ে যান। নিজে প্রাণে বাঁচলেও স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে না পারার বেদনায় ভেঙে পড়েন তিনি।
নিখোঁজ রিনা ব্যাপারীর সন্ধানে উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




