চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হাজিগঞ্জ থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই কুরিয়ার অফিসে অভিযান চালান। এ সময় একটি পার্সেল বক্সসহ মো. ইমতিয়াজ হোসেন (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছে থাকা ডিএইচএল (DHL) লেখা বাদামি রঙের একটি পার্সেল বক্স খুলে ভেতরে ফয়েল পেপারে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে দুই কেজি করে মোট ১০ কেজি গাঁজা ছিল। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ছাড়া পার্সেল বক্সের ভেতর থেকে চার পাতা ‘ওরাল ফ্রেশ ব্রাশ’, চার বোতল ফুড কেয়ার ওটস, একটি ক্যাশ মেমো ও একটি বাদামি রঙের বক্স জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হাজীগঞ্জ থানার এসআই মো. জয়নাল আবেদীন মামলাটির তদন্ত করছেন বলে পুলিশ জানিয়েছে।