পঞ্চগড়-২ (দেবীগঞ্জ–বোদা) আসনে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতভর গণনা অনুষ্ঠিত হয়। গভীর রাত প্রায় ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১ হাজার ৮৫৪ ভোট। জাসদ মনোনীত প্রার্থী এমরান আল আমিন (কাস্তে প্রতীক) পেয়েছেন ৯৫৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কামরুল হাসান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৩৯১ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত দেলোয়ার হোসেন (একতারা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৩৫২ ভোট। জাতীয় পার্টি মনোনীত লুৎফর রহমান রিপন (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২ হাজার ১৫২ ভোট।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৭৫ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ০৮৮। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৬৩। বাতিল ভোট ২৯ হাজার ৩৪৪ এবং মোট প্রদত্ত ভোট ৩ লাখ ২২ হাজার ৩০৭।
দীর্ঘ সতের বছর পর পঞ্চগড়-২ আসনে রাজনৈতিক পরিবর্তন এসেছে। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে বিজয়কে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।