তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে দীঘিনালায় শতাধিক মাটির ঘর বিধ্বস্ত

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে মাত্র তিন ঘণ্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শতাধিক মাটির ঘর ভেঙে পড়েছে। এতে ঘরবাড়ি হারিয়ে দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবারের মানুষ।

উপজেলার জামতলী, সুধীর মেম্বারপাড়া, মায়াপাড়া, জামতলী বাঙালি পাড়ার নিচু এলাকা ও জামতলী বাজারসংলগ্ন এলাকায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় বেশ কয়েকটি মাটির ঘর ও গুদামঘর ভেঙে পড়েছে। এতে অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি। অল্প সময়ের মধ্যেই পানি বাড়তে থাকায় ঘরের আসবাবপত্র, রান্নার সামগ্রী, কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র পানিতে তলিয়ে যায়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল পারভেজ বলেন, “ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দীঘিনালার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

স্থানীয়রা জানান, কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিচু এলাকার পানি দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই বর্তমানে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সহযোগিতা চান।

এদিকে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে স্থানীয়ভাবে তথ্য সংগ্রহের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, দ্রুত তালিকা প্রণয়ন করে খাদ্য, আশ্রয় ও ঘরবাড়ি পুনর্নির্মাণে সরকারি সহায়তা দেওয়া হোক।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top