ময়মনসিংহের ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিসে নকল নবিশদের জন্য নির্মিত আধুনিক শেডের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সাব-রেজিস্ট্রার, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ও আনিছ মির্ধা, ত্রিশাল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া সরকার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান সরকারসহ দলিল লেখক ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
নতুন এ শেড নির্মাণের ফলে সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশদের কাজের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সেবাগ্রহীতাদের অপেক্ষা ও ভোগান্তি কমার পাশাপাশি অফিসের সার্বিক সেবার মানেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় কর্মপরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




