উপকূলীয় জনপদ খুলনার কয়রায় যথাযথ গুরুত্ব ও সচেতনতার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ মাঠ মহড়া এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মাঠ মহড়ার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় আয়োজিত মাঠ মহড়ায় দুর্যোগকালীন জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। বিশেষ করে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার অভিযান এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়টি হাতে-কলমে দেখানো হয়, যা উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কয়রা অত্যন্ত দুর্যোগপ্রবণ এলাকা। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতার কোনো বিকল্প নেই।
উপকূলীয় এলাকার টেকসই বাঁধ নির্মাণ এবং দুর্যোগকালীন দ্রুত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দিয়ে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও জেলা বিএনপির সদস্য এম এ হাসান,বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস,প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুল আলম,উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম,এছাড়াও এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, ফয়সাল আহমেদ এবং শিক্ষার্থীদের পক্ষে মনিরা সুলতানা রুপা দুর্যোগ প্রস্তুতি নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।