দিনাজপুরের নবাবগঞ্জে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “কৃষক GAP Certification” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ ২০২৬) নবাবগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবাবগঞ্জ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ২০২৫–২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এবং বিশ্বব্যাংক ও আইএফএডি’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ।
“খোরপোষের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে এবং পরবর্তীতে স্মার্ট কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরন ” এ লক্ষ্যে ও উদ্দেশ্য কে সামনে রেখে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৬০ জন কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি এবং GAP (Good Agricultural Practices) সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন, নিরাপদ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা জানান, GAP পদ্ধতি অনুসরণ করে কৃষি উৎপাদন করলে কৃষিপণ্যের মান বৃদ্ধি পায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনাও বাড়ে। এতে কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি সম্পর্কে আরও সচেতন হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।