নওগাঁর পত্নীতলা উপজেলায় ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বাবুল হোসেন ওরফে বাবলু (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পত্নীতলা থানাধীন ১নং পত্নীতলা ইউনিয়নের গোডাউনপাড়া গ্রামে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল হোসেন পত্নীতলা উপজেলার চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোডাউনপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পত্নীতলা থানা পুলিশ। অভিযানকালে বাবুল হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে মোট ৩০ (ত্রিশ) পিস নিষিদ্ধ ও অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিকে বিজ্ঞ কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলার মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।