গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, “একটি সুস্থ, সচেতন ও কর্মক্ষম জাতি গড়তে হলে আমাদের প্রথমেই নিশ্চিত করতে হবে পরিচ্ছন্ন পরিবেশ। হাসপাতালসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু কর্তৃপক্ষের নয়, বরং সবার নৈতিক দায়িত্ব।”
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ও আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশনা দেন এবং এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অভিযান চলাকালে এমপি নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন। তাঁর এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।