বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ব্লক পাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে সজল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা অনুসন্ধানের পর তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে প্রায় ৭টার দিকে গোসলের জন্য সজল নদীতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর মরদেহ উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান আমার দেশকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার সার্ভিসকে জানাই। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।