পিরোজপুরে নিম্ন-মধ্যবিত্ত আয়ের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন এইচডিটি ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার পিরোজপুর শহরের মোর্শেদ শিশু ছায়া নিকেতন মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)-এর সহযোগিতায় এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ১৩টি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে ১৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৫-এর ডিস্ট্রিক্ট গভর্নর মেহেদী হাসান, এপেক্স পিরোজপুর ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আতিকুল ইসলাম হিরা, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান এবং এইচডিটির পরিচালক মেহেদী হাসান শুভ। এছাড়া মোহনা টেলিভিশনের সাংবাদিক মোঃ নুরউদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে এবং এর সঙ্গে যুক্ত সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। বিভিন্ন দাতার সহায়তায় প্রাপ্ত যাকাত ফান্ডের অর্থ দিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।