হ্যান্ডস ফর হিউম্যানিটি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে যাকাত প্রজেক্টের আওতায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ১৫টি পরিবারের মাঝে সেহরি ও ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে সংগঠনটির এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোকে সাত দিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটি এর আগেও বিভিন্ন সময় ফিলিস্তিনকে কেন্দ্র করে একাধিক মানবিক প্রকল্প বাস্তবায়ন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে এসব মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রায়হান কবির বলেন, “দীর্ঘদিন ধরেই তারা ফিলিস্তিনের অসহায় ও যুদ্ধবিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় যাকাত ফান্ডের আওতায় দ্বিতীয় ধাপে ১৫টি পরিবারের মাঝে সাত দিনের সেহরি ও ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, “এই প্রজেক্ট বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে প্রায় ৫৩০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকার সমপরিমাণ। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই আমরা আমাদের মানবিক কার্যক্রম শুরু করেছি। আমাদের কাজ শুধু ফিলিস্তিনের ভাই-বোনদের মধ্যেই সীমাবদ্ধ নয়; ইতোমধ্যে ক্যাম্পাসেও বিভিন্ন মানবিক কার্যক্রম শুরু করেছি। পর্যাপ্ত ফান্ড ও সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণ করা হবে।”
উল্লেখ্য, সংগঠনটি প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য, চিকিৎসা, আশ্রয়, বিশুদ্ধ পানি ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে সহায়তা প্রদান করে। ত্রাণ কার্যক্রম, রক্তদান কর্মসূচি, চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সহায়তা ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেয়। পাশাপাশি মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক সংগঠনের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করে।