বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে “টেকসই উন্নয়ন” শীর্ষক কার্যক্রমের আওতায় সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলার বিহার এম এ এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে নাগরিকতা কর্মসূচির অধীনে এ সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নাগরিকতা কর্মসূচির মাঠ সমন্বয়কারী মোঃ রাইসুল ইসলাম।
সভায় বিগত ত্রৈমাসিক সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় সিটিজেন গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষা (সোশ্যাল অডিট) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে আসন্ন সভায় তৃণমূলের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপনের লক্ষ্যে একটি সুসমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নাগরিকদের ভোটদানের অভিজ্ঞতা, নির্বাচন-পরবর্তী স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তন এবং বর্তমান পরিস্থিতি নিয়েও মতামত ব্যক্ত করেন। তারা বলেন, তৃণমূল জনগণের মতামত ও অভিজ্ঞতা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকারের সহায়তা এবং ইউরোপীয় ইউনিয়ন এর সমর্থনে GFA Consulting Group GmbH-এর ব্যবস্থাপনায়, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।