মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। স্বাক্ষরকারী তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এ বিষয়ে গত ২৭ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, তারা (চুক্তিভুক্ত সদস্যদেশগুলো) বাংলাদেশকে এ চুক্তিতে (প্যাক্টে) নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।
এ নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে রণধীর বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।’
ব্রিফিংয়ে এক সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য তুলে ধরে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, চুক্তির সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছি- বিশেষত, তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। দেশের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।’