ঢাকার ধামরাই থানাধীন রূপনগর এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিনুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই উপজেলার রূপনগর বুড়ির সাকিন এলাকায় ব্রীজের পাশে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
এএসপি শাহিনুর জানান, রূপনগর এলাকায় সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে মাঠে নামে। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে অবশেষে চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডে কারা জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল এবং পেছনে অন্য কেউ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশের দ্রুত অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তারের খবরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।