ভোলার দৌলতখান উপজেলায় কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশুবাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করতে স্থানীয় সাংবাদিকদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় দৌলতখান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন।
‘স্টপ দ্য স্টিগমা ২.০’ শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল-এর একটি প্রকল্প।
কর্মশালায় সভাপতিত্ব করেন দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মো. জাকির আলম এবং সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আমাদের সমাজে এখনো মাসিক স্বাস্থ্য নিয়ে নানা ধরনের কুসংস্কার, ভুল ধারণা এবং সামাজিক সংকোচ বিদ্যমান। অনেক পরিবারে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা না হওয়ায় কিশোরীরা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে। এসব ভ্রান্ত ধারণা দূর করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তারা আরও বলেন, শিশুবাল্যবিবাহ কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনার জন্য বড় বাধা। তাই এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন এবং জনমত গড়ে তুলতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার রক্ষায় ইতিবাচক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ কর্মসূচির আওতায় বাংলাদেশে খতুমতী (মাসিক শুরু হওয়া) কিশোরীদের স্বপ্ন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসকে এগিয়ে নিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে মাসিক স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং শিশুবাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার সোনালী তালুকদার, মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।
প্রসঙ্গত, এই ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আশা প্রকাশ করেন আয়োজকরা।