মাত্র ৬ মাসের সরকার এসে বিদ্যুৎ-জ্বালানি জটিলতা তৈরি করেনি বলে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের একটু সংকট, এই সংকট একটি জাতীয় সংকট। এটা এই ৬ মাসের সরকার এসে কিন্তু বিদ্যুৎ জ্বালানি জটিলতা তৈরি করেনি। তাই পলিসিগত আলোচনা বাদ দিয়ে আমাদের বিরোধী দলের বা অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা যদি রাজপথে আন্দোলন সংগ্রামের নামে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে; দেশ কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
রাজনৈতিক ঐক্যের বিষয়ে তিনি বলেন, জুলাই পরবর্তী আমাদের সবাই মিলে বাংলাদেশ পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ এসেছে সেই সুযোগটি কাজে লাগাতে হবে। যে যেখানে আছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫ পরবর্তী বাংলাদেশে একটি অস্থির সময়ে যেভাবে বাংলাদেশের গ্রামগঞ্জে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাচ্ছিলেন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দল মত নির্বিশেষে সেভাবেই গ্রামে-পাড়া মহল্লায় গিয়ে মানুষকে দেশের কাজে বিনিয়োগের চেষ্টা করছেন।বর্তমান সরকার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, আমরা আশাবাদী আগামী ৫ বছরের মধ্যে এই সরকারের মাধ্যমে দেশকে অনেকখানি একটা সঠিক গন্তব্যের দিকে নিয়ে যেতে পারব। পুরোপুরি তো ৫ বছরের সম্ভব না, একটা স্ট্যান্ডার্ড জায়গায় আমরা বাংলাদেশকে দাঁড় করাতে পারব।
বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে পররাষ্ট্রনীতির পরিবর্তন এসেছে। আগে যেটা বলা হত বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত নির্ভরশীল, তো সেখান থেকে কিন্তু সরকার শক্তভাবে ফিরে এসেছে। এখন বাংলাদেশ স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি বিবেচনা করে।
এদিকে ২০২৮ সালের মধ্যে পটুয়াখালী ইপিজেড চালুর কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি চালু করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নুরুল হক নুর।
২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩ বছরে কিন্তু ৪৭ পার্সেন্ট অগ্রগতি হয়েছে। আগামী দেড় বছরে কতটুকু সম্পন্ন করা যায় এ নিয়ে আমার ব্যক্তিগতভাবে সংশয় আছে। তবে আপনারা জানেন, বর্তমান সরকার, প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে, ব্যয় না বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার একটি তাগিদ দিয়েছে। তাই যেহেতু এটি আমার জেলার তাই আমি এটি (ইপিজেড) পরিদর্শনে এসেছি-যোগ করেন নুরুল হক নুর।