সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আইজল (৪০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (গতকাল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইজলকে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক করা হয়। তিনি চকিয়াচাপুর গ্রামের মৃত আ. মাফিক আকন্দের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অনুমতি ছাড়া মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩”-এর ১৩ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় প্রতিবেশ ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ে।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা বা ভূমি সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।