কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. দুলাল ফকিরের নামে জেলে কার্ড থাকার অভিযোগ উঠেছে। ওই কার্ডের বিপরীতে তিনি মা ইলিশ রক্ষায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি সহায়তার চাল উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার মৎস্যজীবীদের তালিকার ৩৮ নম্বর ক্রমিকে দুলাল ফকিরের নাম রয়েছে। তিনি চণ্ডীপুর ইউনিয়নের ১ নম্বর চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চরবলেশ্বর গ্রামের মৃত খবির উদ্দিন ফকিরের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি আর্থিকভাবে সচ্ছল এবং সমুদ্রে মাছ ধরার দুটি ফিশিং বোটের মালিক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
এ ছাড়া চণ্ডীপুর ইউনিয়নে প্রকৃত জেলেদের অনেককে বাদ দিয়ে অন্য পেশার ব্যক্তিদের জেলে কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে। এতে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. দুলাল ফকির বলেন, “আমি একজন মহাজন। সাগরে মাছ ধরার ফিশিং বোট রয়েছে আমার। তবে মহাজন ও জেলে—সবারই জেলে কার্ড পাওয়ার অধিকার রয়েছে। আমি চাল উত্তোলন করে অন্য এক জেলেকে দিয়েছি।”
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান বলেন, “ইউপি সদস্যের নামে জেলে কার্ডের বিষয়টি আমার জানা নেই। তালিকা না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না।”




