পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত ও উন্নত করতে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
‘ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেংদেনড ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ (আইএসআইজিওপি)’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
রিকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. ইব্রাহিম খলিল।
সভা সঞ্চালনা করেন রিকের আইএসআইজিওপি প্রকল্পের পিরোজপুরের সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। এ ছাড়া বক্তব্য দেন আশা’র এরিয়া ম্যানেজার মো. বাবুল হোসেন, উদ্দীপনের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, ইউপি প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীন, মো. আক্তারুজ্জামান সুমন, রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফারুক রহমান এবং আন্তঃপ্রজন্ম ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যরা।
সভায় বক্তারা বলেন, প্রবীণদের কল্যাণে সরকার বয়স্ক ভাতা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। তবে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক প্রকৃত উপকারভোগী এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা গেলে প্রবীণদের জন্য সেবাপ্রাপ্তি আরও সহজ, কার্যকর ও স্বচ্ছ হবে।
উল্লেখ্য, জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং হেল্পএজ জার্মানির আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরীক্ষামূলকভাবে দুই বছর ধরে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জার্মান কো-অপারেশন ও অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফট।




