এই প্রথম দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, দেশের বিভিন্ন রুটের জন্য প্রস্তুত ২০০ বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে। এ জন্য দেশের বিভিন্ন রুটে ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকা ও সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা থাকবে।

ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে এসব বাস চলাচল করবে। জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা— দুই ধরনের সার্ভিসই চালু থাকবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে।

বিশেষ এই সার্ভিসের জন্য রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।

সার্ভিস-সংক্রান্ত তথ্য ও প্রয়োজনে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২। মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top