কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা গোলাম সামদানীর সংশ্লিষ্টতার গুঞ্জন উঠেছে।
এ নিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন,‘কুমিল্লায় জামায়াতের আভ্যন্তরীণ বিরোধে এবি পার্টির স্থানীয় নেতা ও শহর আহ্বায়ক গোলাম সামদানীর সংশ্লিষ্টতার ব্যাপারে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা নিশ্চিত হলে বিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতের এ ঘটনায় মহানগর জামায়াতের নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সমর্থকরা সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুই নেতার অনুসারীদের মাঝে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়।



