গতকাল বুধবার (১৪ অক্টোবর ) চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি ১। কামাল পাটোয়ারী (৪২) ও ২। মজিব প্রধান (৩০)-কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং ৩। মোঃ দুখু মিয়া (৩৮) ও ৪। ইব্রাহীম (৩০)-কে ০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এছাড়া একই অভিযানে আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে ২ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মতলব উত্তর থানা এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



