স্বাধীনতার দীর্ঘ সময় পর অবশেষে টাঙ্গাইলের সখীপুর–বাসাইল (টাঙ্গাইল–৮) আসনের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হলো। এই আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান দেশের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় পুরো এলাকাজুড়ে বইছে আনন্দ ও গর্বের আবহ।
গত বৃহস্পতিবার বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
এলাকাবাসীর মতে, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই আসন থেকে আগে কখনো মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আসেনি। ফলে অ্যাডভোকেট আহমেদ আজম খানের মন্ত্রী হওয়ার খবরে সখীপুর ও বাসাইলের সর্বস্তরের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, এটি শুধু একজন ব্যক্তির সাফল্য নয়; বরং সখীপুর–বাসাইলের মানুষের দীর্ঘদিনের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আশা করছেন, নতুন মন্ত্রীর নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং এলাকার সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উল্লেখ্য, অ্যাডভোকেট আহমেদ আজম খান দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বে এলাকাবাসী নতুন আশার আলো দেখছেন।