নওগাঁর মান্দায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত ২

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বিশ্বনাথ মন্ডল (৪৫) ও তার স্ত্রী মঞ্জু রানী আহত হয়েছেন। ধারালো হাসুয়ার কোপ ও লাঠিপেটায় গুরুতর আহত বিশ্বনাথকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের রামনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত বিশ্বনাথ ওই গ্রামের মৃত কিশোরী মোহনের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই অসিত কুমার মন্ডল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর মৌজার ২৫৯ নম্বর খতিয়ানের ১৫২১ নম্বর দাগের ১১ শতক জমির মধ্যে বিবাদীপক্ষের মালিকানা রয়েছে মাত্র ১ শতক। তবে তারা প্রভাব খাটিয়ে জোরপূর্বক প্রায় ৭ শতক জমি দখলে রেখেছেন। অন্যদিকে ভুক্তভোগী পরিবারের দখলীয় অংশে দীর্ঘদিন আগে নির্মিত তিনটি ইটের ঘর ও একটি ছাউনি জরাজীর্ণ হয়ে পড়ায় গত বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে তা সংস্কারের কাজ শুরু করা হয়।
এ সময় পূর্ববিরোধের জেরে অভিযুক্ত সুনিল কুমার মন্ডল, অনিল কুমার মন্ডল, ভারতী রানী মন্ডল ও শিউলী রানী মন্ডলসহ সঙ্গোপাঙ্গরা কাজে বাধা দেন। একপর্যায়ে তারা বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালান। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়।
প্রতিবাদে বিশ্বনাথ এগিয়ে এলে অনিল মন্ডলের হুকুমে সুনিল মন্ডল হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে বিশ্বনাথের ডান পায়ের হাঁটুতে কোপ মারেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে অন্য আসামিরা বাঁশের লাঠি দিয়ে বিশ্বনাথ ও তার স্ত্রী মঞ্জু রানীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিশ্বনাথের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানান, বিশ্বনাথের ডান পায়ে ৮টি সেলাই লেগেছে। অন্যদিকে তার স্ত্রী মঞ্জু রানীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মামলার বাদী অসিত কুমার মন্ডল বলেন, “জমি নিয়ে বিরোধের পাশাপাশি আদালতে আমাদের একাধিক মামলা চলমান রয়েছে (মামলা নম্বর ৪৮পি/২০২৬ ও ৩২/২০২৬)। আমার বড় ভাই বিশ্বনাথ একটি মামলার মূল সাক্ষী হওয়ায় তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।” অপরদিকে,আজ সরেজমিন গিয়ে প্রতিপক্ষের লোকজন না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে মান্দা থানার ওসি (তদন্ত) আলেফ উদ্দিন জানান, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top