আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর এক প্রতিবেদনে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের প্রধান বিমানবন্দরে না নেমে নিউজার্সির একটি বিমানবন্দরে অবতরণ করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বিমানটিকে দ্রুত বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দিতে পারেন-এমন শঙ্কা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এর আগে জোহরান মামদানি একাধিকবার বলেছেন, গাজা গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ফলে নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তারের পদক্ষেপ নেবেন মেয়র।
ইয়েদিওথ আহরোনোথ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ‘সমন্বয়জনিত জটিলতা’ এবং বিমানটি নিউইয়র্কে পার্ক করে রাখা নিয়ে অনিশ্চয়তার কারণে ‘উইং অব জায়ন’ নিউজার্সির একটি সামরিক ঘাঁটি অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হতে পারে।
নেতানিয়াহু নিউইয়র্কে অবস্থানকালে বিমানটি রানওয়েতে থাকার অনুমোদন নাও পেতে পারে এবং মেয়র মামদানি বিমানটিকে অবিলম্বে উড্ডয়নের নির্দেশ দিতে পারেন-এমন ধারণার ওপর ভিত্তি করেই বিকল্প পথ খোঁজা হচ্ছে।প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে তাঁর অবস্থানের সময়সীমা বেশ কিছুটা কমিয়ে এনেছেন।
সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আশঙ্কায় নেতানিয়াহু নিউইয়র্কে রাত না কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর সফরসূচি অনেকটাই সংক্ষিপ্ত করেছেন।’
নিউইয়র্ক সফরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গিয়ে প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত একটি বৈঠকও বাতিল করা হয়েছে।



