সোনাগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ফেনী-৩ আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব সাইফুদ্দীন শিফন
ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশে চলমান দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফুদ্দীন শিফন।
সোমবার বিকেলে সোনাগাজীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব সাইফুদ্দীন শিফন বলেন,
“দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে।
ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দলগুলো জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের মানুষের ঈমান, স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় আপসহীনভাবে রাজনীতি করে যাচ্ছে।”
তিনি বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি নয়, বরং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের রাজনীতি করি। সংসদে আল্লাহভীরু, সৎ ও যোগ্য প্রতিনিধি না গেলে জনগণের দুঃখ-দুর্দশা দূর হবে না।
হাতপাখা প্রতীক জনগণের মুক্তির প্রতীক।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“সাংবাদিকরা জাতির বিবেক। সত্য তুলে ধরার মাধ্যমে তাঁরা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ফেনী-৩ আসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ জনপদে রূপান্তর করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার সমস্যা, নির্বাচন, রাজনৈতিক পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। আলহাজ্ব সাইফুদ্দীন শিফন দৃঢ়তা ও স্পষ্টতার সঙ্গে তাঁর অবস্থান তুলে ধরেন।
সভা শেষে তিনি দেশবাসীর দোয়া ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।