সারাদেশের সঙ্গে মিল রেখে পিরোজপুরেও আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করা হয়।
জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের ধারাবাহিকতায় পিরোজপুরে নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মীসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসন জানায়, নজরুল বর্ষ উপলক্ষে পিরোজপুরে বছরব্যাপী বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।