বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের একটি উচ্চপর্যায়ের গবেষণা দল সকালে ঈশ্বরদীর মানিকনগর মধ্যপাড়ায় অবস্থিত মোস্তফা জামান নয়নের লিচু বাগানে স্থাপিত মৌ-খামার পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে গবেষণা দলের সদস্যরা লিচু বাগানে মৌমাছি চাষের কার্যক্রম ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং এ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি ও পরিবেশগত গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) মো. আতাউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. মো. নুর আলম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. কে এম রেজাউল করিম, প্রশাসন বিভাগের প্রধান ড. মো. নুরে আলম সিদ্দিকী এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রধান ড. মো. শরিফুল ইসলাম।
গবেষণা দলের সদস্যরা জানান, লিচু বাগানে মৌমাছির উপস্থিতি পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ফলন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নে সহায়ক। পাশাপাশি মৌ-খামার কৃষকদের জন্য একটি লাভজনক উদ্যোগ হিসেবেও বিবেচিত হতে পারে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।