বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করলে অবহেলিত কয়রা ও পাইকগাছাকে পর্যটন শিল্প ও কর্মসংস্থানের মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খুলনার কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর সমর্থনে উপজেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
আজিজুল বারী হেলাল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, সেখানে উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে মনিরুল হাসান বাপ্পী এই অঞ্চলের দৃশ্যমান সমস্যাগুলো সবার আগে সমাধান করবেন।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, একটি বিশেষ দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যারা স্বাধীনতার সময় বিতর্কিত ভূমিকা রেখেছিল, তারা এখন নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। কিন্তু জনগণ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোমরেজুল ইসলাম।