ভোরের সূর্যের রাঙা আলোয় নতুন বছরের বার্তা নিয়ে এলো পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে বাঙালির প্রাণের উৎসবে মেতেছে সীমান্তঘেষা কলারোয়া। উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘বৈশাখী মেলা’। প্রাণের টানে আর শেকড়ের সন্ধানে মেলা প্রাঙ্গণে এখন কেবলই মানুষের ঢল।
মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে শুভ্র কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন। শান্তির প্রতীক কবুতর যখন নীল আকাশে ডানা মেলছিল, তখন উপস্থিত জনতার করতালিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
“আমাদের এই সংস্কৃতি হাজার বছরের অহংকার। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সমৃদ্ধি। ভেদাভেদ ভুলে বাঙালির এই ঐক্যের বন্ধন যেন চিরকাল অটুট থাকে, আজকের দিনে এটাই আমাদের বড় প্রার্থনা।”
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মাটির সরা, খেলনা, বাঁশি আর দেশীয় খাবারের গন্ধে ম মৌ করছে চারপাশ। ছোট বড় সব বয়সের মানুষের পদচারণায় কলারোয়া আজ যেন এক উৎসবের নগরী। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সাধারণ মানুষের চোখে-মুখে ছিল প্রাণের স্পন্দন। এই মেলার মাধ্যমেই যেন বেঁচে থাকে আমাদের হারানো ঐতিহ্য আর সম্প্রীতির জয়গান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।