ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাসের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক শহিদুল আলম।
এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মৃধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
বৈশাখী এ আয়োজন ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।