কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা, কারাদণ্ড ৩ জনের

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইয়াবা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বাসাইর বাজারে একটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার বাসাইর বাজার, জামালপুর বাজার ও বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় এসব অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জামালপুর বাজার এলাকার নুবহা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে যথাযথ যন্ত্রপাতি ও প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই বাজারের একটি বেকারিতে আনোয়ার হোসেন কে  নাম-পরিচয়বিহীন জন্মদিনের কেক উৎপাদন, যথাযথ মোড়ক ব্যবহার না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় দুটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ইয়াবা সেবনের দায়ে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এসব মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি একজনকে ১৫ দিন, একজনকে তিন মাস এবং অপরজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে পাঁচটি মামলায় সর্বমোট ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। মামলাগুলোর নম্বর ২০২ থেকে ২০৬/২০২৬ এবং ডি.সি.আর. নম্বর ৭২৫৫০৯ থেকে ৭২৫৫১৩।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
এ সময় বাসাইর বাজারের একটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top