কুষ্টিয়ার খোকসা উপজেলায় “সারা দেশব্যাপী নদী–নালা–খাল ও জলধারা খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় মোড়াগাছা–হাশিমপুর খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে খোকসা উপজেলার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদয় নির্দেশনার আলোকে সারাদেশে নদী–নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন প্রায় ৩.০০০ কিলোমিটার দীর্ঘ মোড়াগাছা–হাশিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান (এমপি)। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় নদী-নালা ও খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা ও কুমারখালী আসনের সংসদ সদস্য জনাব আফজাল হোসেন (এমপি)। তিনি বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে জমে থাকা পানি সহজে নিষ্কাশন হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং জেলা প্রশাসন, কুষ্টিয়ার আয়োজনে পরিচালিত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা দূর করা এবং কৃষি ও পরিবেশ ব্যবস্থার উন্নয়ন সাধনই মূল লক্ষ্য।