কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি ও থানা পুলিশের যৌথবাহীনির বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত ১১টা থেকে শনিবার (১১ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টু আইসি মো. নুরুল হুদার নেতৃত্বে এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশের একটি দল এতে অংশ নেয়।
অভিযানে এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে এসআই নাজমূল হক মামুন, এএসআই উত্তম কুমার কৈরী, এএসআই নোমান মিয়া, এএসআই আবুল কালাম ও এএসআই আজিম উদ্দিনসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানকালে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাই দাগ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের সর্দার হিসেবে পরিচিত মনির উদ্দিন (২৫)-কে গ্রেফতার করা হয়। সে কালাই দাগ পূর্ব পাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল এই আসামির বিরুদ্ধে থানায় জি.আর ৯৩/২৪, ৯২/২৪ ও ২১৫/১৩ নম্বর মামলা রয়েছে।
স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত মনির উদ্দিনের কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। এছাড়াও তিনি সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুণ্ঠনের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
থান পুলিশ আরও জানায়, এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে এ ধরনের অভিযান চলমান।