সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান গাবুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তিনি ওই এলাকার মা-বোনদের সঙ্গে ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রদান করার জন্য নারী ভোটারদের কাছে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করেন।
মতবিনিময়কালে ড. মোঃ মনিরুজ্জামান বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।”
তিনি মা-বোনদের উদ্দেশ্যে আরও বলেন,
“নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে। নারীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি—তাদের অবদান ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
গণসংযোগকালে এলাকার নারী ভোটাররা তাদের দৈনন্দিন জীবনসংক্রান্ত নানা সমস্যা, দুঃখ-কষ্ট, নিরাপত্তাহীনতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ড. মোঃ মনিরুজ্জামান মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, নারী কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়
স্থানীয়দের মতে, ড. মোঃ মনিরুজ্জামানের এই ঘরে ঘরে গণসংযোগ নারী ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে।