চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় মো. দিদারুল আলম (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তিনি পটিয়া উপজেলার মোহাম্মদনগর চাপড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আহমেদ মিয়ার পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দিদারুল আলম নিজ বাড়ি থেকে শহরের বাসায় যাওয়ার পথে মইজ্জারটেক এলাকায় পৌঁছালে তার পথরোধ করা হয়। এসময় তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ মো. তৈয়ব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি নিহতের বন্ধু এবং একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিদারুল আলম ও আটক তৈয়ব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।