ফেনীতে চুরি হওয়া একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, নগদ টাকা ও দেশি-বিদেশি একাধিক ব্যাংক কার্ডসহ চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযুক্ত চোর মোঃ সেলিম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ সেলিম ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া এলাকার মঞ্জু মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ মোস্তফা ও বিবি মর্জিনার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, একটি মানিব্যাগ, নগদ ১,০০০ টাকা, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, ২টি এবি ব্যাংক এর কার্ড, দুবাইয়ের ফার্স্ট আবুধাবী ব্যাংকের ভিসা কার্ড, কমার্শিয়াল ব্যাংক অব দুবাইয়ের ভিসা কার্ড এবং সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট আইডি কার্ড।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ফেনী শহরের মোঃ সাব্বির ইবনে খোরশেদের বাসা থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় ব্যাংক কার্ডসহ একটি মানিব্যাগ চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনার সাথে জড়িত মোঃ সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সঙ্গে তার কাছ থেকে চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।