ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বরুনদা গ্রামে। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে এবং বর্তমানে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, মাদ্রাসার এক শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করেছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন শিক্ষককে আটকে রেখে মারধর করছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কলটি গ্রহণ করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আল আমিন। পরে ফতুল্লা থানাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। এ সময় ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই ছাত্র হাফেজি পড়া শেষ করে ভালোভাবে কোরআন মুখস্থ করার জন্য প্রায় এক বছর আগে মাদ্রাসাটিতে ভর্তি হয়। অভিযোগ রয়েছে, গত এক বছর ধরে শিক্ষক রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করে আসছিলেন।

সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে ওই ছাত্রকে বলাৎকার করা হলে সে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। পরে ছাত্রের মা খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় বিষয়টি জানার পর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করা হলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয়দের দাবি।

খবর পেয়ে ফতুল্লা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top