ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল খেলায় অর্থনীতি বিভাগকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। ৩০ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪:০০টায় শুরু হওয়া নির্ধারিত সময়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূন্য সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে শিরোপা উঁচিয়ে ধরে বাংলা বিভাগের খেলোয়াড়রা।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন, “আজকের বাংলা ও অর্থনীতি বিভাগের মধ্যকার ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।” চমৎকার ক্রীড়াশৈলী উপহার দেওয়ার জন্য তিনি বিজয়ী ও বিজিত—উভয় দলকেই আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন করায় খেলাধুলা সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
টুর্নামেন্ট শেষে একক নৈপুণ্যের জন্য ব্যক্তিগত পুরস্কার বিতরণ করা হয়। সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ অর্জন করেন বাংলা বিভাগের আব্দুল্লাহ। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে টুর্নামেন্ট সেরা হিসেবে ‘গোল্ডেন বল’ লাভ করেন একই বিভাগের আবুল কাশেম মাহিম। এছাড়া গোলপোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্সের জন্য অর্থনীতি বিভাগের আতিউল রহমান ‘গোল্ডেন গ্লাভস’ অর্জন করেন।
পুরস্কার বিতরণীর সময়ে কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলেও পরবর্তীতে তা নিরাসন করে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশেই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ট্রেজারার, উপ-উপাচার্য (প্রো-ভিসি), বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাঠ কর্তৃপক্ষ এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামে এবারের এই জমজমাট টুর্নামেন্টের।



