র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ও হত্যা প্রচেষ্টার মামলার এক আসামীকে গ্রেফতার এবং অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গাজীপুরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা।
রবিবার (৯ নভেম্বর) র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় র্যাবের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ী থানাধীন আমবাগ মোকসেদ আলী জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে টাঙ্গাইলের নাগরপুর থানার সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুমন শিকদার (২৭) কে গ্রেফতার করে। তিনি নাগরপুর উপজেলার রেহাই মিরকুটিয়া গ্রামের মোহর আলীর ছেলে।
অন্যদিকে, একই রাতে র্যাবের আরেকটি দল গাজীপুরের কোনাবাড়ী থানার সাদারগঞ্জ এলাকা থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাচাকে হত্যা প্রচেষ্টার মামলার আসামী শামীম (২৫) কে গ্রেফতার করে।
এছাড়া র্যাবের আরেকটি অভিযানিক দল গাজীপুর জেলার কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় অভিযান চালিয়ে টাঙ্গাইলের সখীপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার অপহৃত এক কিশোরীকে উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।