রংপুরের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামে এক বিদ্যুৎকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারসংলগ্ন একটি আলুখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আলুখেতে একটি স্থানে অস্বাভাবিক নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি জানানো হলে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) পাশের তামাকখেতে রক্তের দাগ ও এক জোড়া স্যান্ডেল দেখতে পান এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ ব্যক্তির স্বজনরা এসে স্যান্ডেলটি মনজুরুল ইসলামের বলে শনাক্ত করেন। তবে সেদিন ব্যাপক খোঁজাখুঁজির পরও মরদেহের সন্ধান মেলেনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি তিনি। মনজুরুল ইসলাম ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, পরিবারের সদস্যরা মরদেহটি মনজুরুল ইসলামের বলে নিশ্চিত করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।