বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পূজা মন্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া। তিনি বনানী থানাধীন ২০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার (১৮ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান রাজধানীর মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে যান। উক্ত সফরকে কেন্দ্র করে বিএনপির উক্ত স্থানীয় নেতা নিজ ফেসবুক আইডি থেকে একাধিক ছবি সংবলিত একটি পোস্ট দেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “হাত মেলাতে পেরে আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত।।”
তবে পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষ ছবি মনোযোগ কাড়ে নেটিজেনদের। ছবিতে দেখা যায়, গোলাম কিবরিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাচ্ছেন (হ্যান্ডশেক করছেন)। ছবিটির মান ও দৃশ্যমান উপাদান বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যায় যে, আসল ছবির সঙ্গে এআই (AI) প্রযুক্তির সাহায্যে ডিজিটাল কারসাজি বা এডিটিং করে হ্যান্ডশেকের দৃশ্যটি তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর দলের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ নেটিজেনদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বিভ্রান্তিকর ও কৃত্রিম ছবি পোস্ট করার তীব্র সমালোচনা করেছেন।
উল্লেখ্য, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধ ও গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো পোস্ট শেয়ারের ক্ষেত্রে সততা ও সতর্কতা অবলম্বনের জোর তাগিদ দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে ছবি এডিট করে প্রচারের পেছনে রাজনৈতিক প্রভাব জাহির করার উদ্দেশ্য ছিল কি না, তা নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা কানাঘুষা চলছে।



